৫ হাজার শেখ রাসেল ল্যাবের জন্য ৮৫ হাজার ল্যাপটপ কিনছে সরকার

১৮ মার্চ, ২০২১ ১৪:৩৪  
শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের জন্য ৪৮৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৭৯১ টাকায় ৮৫ হাজার ল্যাপটপসহ তথ্য প্রযুক্তি সামগ্রী কিনছে সরকার। ল্যাপটপ ছাড়াই এই অর্থের মধ্যে ৫ হাজার ওয়েবক্যামেরা, ৫ হাজার রাউটার এবং ৫ হাজার নেটওয়ার্ক সুইচও কেনা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এসব সরঞ্জাম বিতরণ করা হবে। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাহিদা আক্তার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, সরকারি ক্রয় বিধিমালা মেনে ক্রয় চুক্তিতে টেলিফোন শিল্প সংস্থাসহ কয়েকটি প্রতিষ্ঠান আছে। সর্বনিম্ন দর যাচাই করে সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেমসহ অন্যান্য যন্ত্রপাতি সরকারি অর্থায়নের পরিবর্তে সংস্থার নিজস্ব অর্থায়নে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়।